বার্তা সংস্থা আবনা : অল্পের জন্য বোমা হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল নাদের আল-হালাকি।
রাজধানী দামেস্কের কেন্দ্রস্থল দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে তার তিন দেহরক্ষী ও গাড়ির চালক নিহত হয়েছেন।
কয়েকদিন আগে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।
এদিকে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা নতুন করে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। দামেস্কের আশপাশে সেনা অভিযানে তারা এ ক্ষতির মুখে পড়ে।
রাজধানী থেকে ১০ কিলোমিটার দূরবর্তী কুদসায়া শহরে সেনা অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন বিদ্রোহী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। অভিযানে সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানাও ধ্বংস হয়েছে। এ সময় সামরিক বাহিনী বহু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে।
এ ছাড়া, লেবানন সীমান্তের আল-কুসাইর এলাকা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করেছে সিরিয় বাহিনী।